বরগুনার পাথরঘাটায় অবৈধভাবে মজুত করা ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় ‘মেসার্স গাজী স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজী অতিরিক্ত মুনাফার আশায় দীর্ঘদিন ধরে তেল মজুত করে রেখেছিলেন। তার গুদামে ১৯০টি ব্যারেলে মোট ৩৮ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। এই কৃত্রিম সংকটের কারণে জ্বালানি না পেয়ে পাথরঘাটার অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে পারছিলেন না।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল। তিনি অবৈধ মজুতের অপরাধে আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জ্বালানি সংকটে জেলেরা দিশেহারা ছিলেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফিশিং ট্রলারের তালিকা ধরে রাতেই এসব ডিজেল বিক্রি করা হবে এবং জেলেরা দ্রুতই সাগরে রওনা দিতে পারবেন। দীর্ঘদিনের ভোগান্তি শেষে এই অভিযানে স্থানীয় জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ইউএনও তাপস পাল জানান, জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। জনস্বার্থে ও মৎস্য সেক্টরের স্থায়িত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।