মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি হাতবোমা, ভারতীয় মদ ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মনতাজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে। আটক মনতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে গাংনীর ধলা গ্রামের মাঠে বিজিবির একটি বিশেষ অভিযানে মনতাজ আলীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি হাতবোমা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত বোমা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৮৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।