রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ভেতর বড় মসজিদের পাশের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাকিবুল তার মাকে খেলার কথা বলে শান্তিবাগের বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে সাকিবুল পুকুরের পানিতে তলিয়ে গেলে বন্ধুরা চিৎকার শুরু করে। পরে তাকে দ্রুত পানি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাকিবুলের বাবা আবদুল করিম জানান, এক ভাই ও এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার আগ্রহ ছিল। বন্ধুদের মাধ্যমেই আবদুল করিম খবর পান যে, ছেলে পুকুরে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সাকিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।