হামে আক্রান্ত হয়ে আরও দুই মৃত্যু, নতুন রোগী ৭৮৭

দেশে হামে আক্রান্ত হয়ে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও চারজন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারাদেশে নতুন করে ৭৮৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৬০ জন।

কন্ট্রোল রুম জানায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জন। ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮২৬ জন।

এ পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে এ সংখ্যা ৯ জন জানানো হলেও হালনাগাদ তথ্যে আরও সাতজনের মৃত্যুর খবর যুক্ত হয়। অন্যদিকে, সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *