ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে।
ভাইরাল হওয়া ২ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে নৃশংসভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা শিশুদের শ্বাসনালী চেপে ধরছে, শূন্যে তুলে বারবার মাটিতে আছাড় দিচ্ছে। এলোপাতাড়ি চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুষির পাশাপাশি তাদের পুকুরের পানিতে চুবিয়ে ধরা হচ্ছে।
নির্যাতন সহ্য করতে না পেরে শিশুরা আর্তনাদ করে বলছিল, ভাইরে বড় ভাইগো, মারিস না। একপর্যায়ে শিশু দুটি নিস্তেজ হয়ে পড়লেও মন গলেনি নির্যাতনকারীদের। ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত কিছু যুবক উদ্ধারের পরিবর্তে দাঁড়িয়ে তামাশা দেখছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, পুলিশ নির্যাতনের ভিডিওটি দেখেছে এবং তদন্ত শুরু করেছে। তবে নির্যাতনের শিকার শিশুদের পরিবারের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, আমাদের কাছে এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছি। অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।