সাড়ে ৬ কোটি টাকার হীরা নিয়ে কলকাতা যাওয়ার পথে ভারতীয় নাগরিক আটক

যশোরে বিপুল পরিমাণ হীরা (ডায়মন্ড) ও বৈদেশিক মুদ্রাসহ সুজা উদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। জব্দকৃত এসব মালামালের বর্তমান বাজারমূল্য ছয় কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। আজ বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাস তল্লাশি করে সুজাউদ্দিনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের হীরা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে জব্দকৃত হীরার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি আরও জানায়, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

বিজিবি সূত্র মতে, জব্দকৃত হীরার আনুমানিক মূল্য ছয় কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত হীরা ও মুদ্রা যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *