পাকিস্তানের ডাগআউটে সাপ আতঙ্ক!


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। তবে রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরুর আগেই ডাগআউটে এক ‘অবাঞ্ছিত অতিথির’ আগমনে ছড়িয়েছে চাঞ্চল্য। 

গত শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান দল অনুশীলনে আসার ঠিক আগ মুহূর্তে তাদের ডাগআউটে একটি সাপ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।সাপটিকে অবশ্য সঙ্গে সঙ্গে ডাগআউট থেকে সরিয়ে নেওয়া হয়।

মাঠের বাইরের এই সাপ আতঙ্ক ছাপিয়ে এখন আলোচনায় দুই দলের কৌশল। বিশেষ করে সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে ভারতের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

পিটিআই-এর সূত্র অনুযায়ী, ভারতের ব্যাটিং গভীরতা বিবেচনায় নিয়ে পাকিস্তান চারজন ‘স্পেশালিস্ট’ বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে।প্রধান কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলি আঘা একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও উসমান তারিক এবং দুই বিশেষজ্ঞ পেসার শাহীন শাহ আফ্রিদি ও সালমান মির্জাকে রাখতে আগ্রহী।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কপাল পুড়তে পারে অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের। ভারতের ব্যাটিং লাইআপে অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক ভার্মা এবং শিবম দুবের মতো বাঁহাতি ব্যাটারদের আধিক্য থাকায় আরেকজন বাঁহাতি স্পিনার হিসেবে নেওয়াজকে বসিয়ে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেওয়াজের বদলে অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফ ও শাদাব খানকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।ফাহিমের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এবং শাদাবের লেগ স্পিন ভারতের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাদশের শীর্ষ পাঁচ পজিশনে সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলি আঘা, বাবর আজম এবং উসমান খান থাকছেন নিশ্চিতভাবেই। ছয় ও সাত নম্বর পজিশনের জন্য লড়াইটা মূলত ফাহিম ও শাদাবের মধ্যে। তবে প্রেমাদাসার পিচ এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টসের আগ মুহূর্তে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দাম্বুলার মাঠে খেললেও চলতি বিশ্বকাপে এটিই হতে যাচ্ছে প্রেমাদাসায় তাদের প্রথম ম্যাচ।এর আগে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দুটি তারা খেলেছিল সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *