মোজতবা খামেনির প্রশংসায় সিক্ত হিজবুল্লাহ

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিশেষ বার্তায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার (১ এপ্রিল) হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেমকে পাঠানো এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। খবর সিএনএনের।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘বিরুদ্ধে প্রতিরোধের জন্য’ ইরান হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইরানের প্রতি যে ‘আবেগ, ভালোবাসা ও আনুগত্য’ প্রদর্শন করেছে, তার জন্যও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের যে হামলায় তার বাবা (আয়াতুল্লাহ আলী খামেনি) এবং শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হয়েছিলেন, সেই হামলায় মোজতবা নিজেও আহত হন। সূত্রের দাবি, তার পায়ে বড় আঘাত লেগেছে এবং বাম চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

ইরান যুদ্ধ শুরুর পরপরই গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর তীরবর্তী এলাকাগুলো দখল করে নিয়েছে এবং স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৬৮ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *