কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার, দাউদকান্দি ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। আজ বুধবার (১ এপ্রিল) ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার সংলগ্ন ইউ-টার্নে এক দুর্ঘটনায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা নিহত হন। তারা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

অন্যদিকে, ভোররাতে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ ৬ জন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। উল্টো পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও চারজন আহত হন।

আহতরা হলেন- মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তাইম (১৫) স্থানীয় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লরির চাপায় তার মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়কে গাড়ির চাপায় এই দুর্ঘটনাগুলো ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *