সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশের পর থেকেই সবার নজর এখন সেই সময়সূচির দিকে। কারণ, আমিরাতে ঈদের তারিখ অনেক সময় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঈদ উদযাপনের সম্ভাব্য দিন সম্পর্কে আগাম ধারণা দেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলাদেশে কবে উদযাপিত হতে পারে এই অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।
ইসলামের দুই প্রধান ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। হিজরি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ১০ তারিখে এই উৎসব পালিত হয়। ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত এ দিনটি হযরত ইব্রাহিম (আঃ) ও তার পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করে উদযাপন করা হয়। এ সময় নামাজ আদায়, কোরবানি, দান-খয়রাত ও পারিবারিক মিলনমেলার মাধ্যমে উৎসব পালন করা হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আমিরাতে ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস পালিত হতে পারে। এরপর ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজের।
তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।