১৪ হাজার লিটার ডিজেল জব্দ, সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের এবং নাসির নামে অন্য এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) সহায়তায় এই অভিযান চালানো হয়। প্রথম অভিযানে এসও রোড এলাকা থেকে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় মজুতের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিফাত গাজীকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও ছয় দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, মেঘনা ডিপো সংলগ্ন এসও বাসস্ট্যান্ড রোড এলাকায় অন্য এক অভিযানে একটি বাড়ি থেকে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত নাসির (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত বিশাল পরিমাণ এই ডিজেল মেঘনা ডিপোর ডিজিএম-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *