লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাট সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ড্রাম ডিজেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ড্রামগুলো খাল থেকে তুলে নিরাপদ হেফাজতে রামগতি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, কারা বা কেন এই বিপুল পরিমাণ জ্বালানি তেল খালে ফেলে রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অবৈধ মজুত বা পাচারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
SN/SKS