বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাড়ির কেয়ারটেকারকে হত্যার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার মো. কাজলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বিচারক রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে প্রেরণ করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর গ্রামের জুলহাস মিয়া শেরেবাংলা নগর থানার ২৫/বি ইন্দিরা রোড, ফার্মগেটের এক বাসায় ৩০ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যা অনুমান পৌনে ৭টার সময় এই বাসা সংলগ্ন রাজা এন্ড কোং নামক সিমেন্টের দোকানের সামনে আসেন। তখন আসামি কাজল ভিকটিমের কাছে ৫ টাকা চান। তিনি টাকা দিতে দেরি হওয়ায় আসামির হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে ভিকটিমের নাভির উপরে সজোরে আঘাত করেন। এর ফলে ভিকটিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সাইফুল রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *