জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর কোর্টের ইন্সপেক্টর মো. আবুল হোসেন।
এর আগে দুপুরে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার চারটি পৃথক মামলায় ২৭ জন ও বকশিগঞ্জ উপজেলার চারজন নেতাকর্মী এই আদেশের আওতায় পড়েন।
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সদস্য জয়নাল আবেদীন আয়না ও শহিদুল ইসলাম। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ মোট ৩১ জন রয়েছেন।
জানা যায়, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুন দায়ের করা দুটি মামলা এবং পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলাসহ মোট চার মামলায় ২৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানিকালে আসামিপক্ষ জামিন প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যানের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সংশ্লিষ্টদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বকশিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চারজন নেতাকর্মীর জামিন আবেদনও একই দিনে খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।