সরকারের বার্তা প্রচারে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ : তথ্য সচিব

সরকারের অগ্রাধিকারমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে শিগগিরই ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

আজ সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি নির্দেশনা/বার্তা/কনটেন্ট/বিজ্ঞাপন/অনুষ্ঠানগুলো যথাযথভাবে প্রচার/সম্প্রচারের নিমিত্তে মতবিনিময় সভায় তথ্য সচিব এসব কথা বলেন।

সভায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, আজকের সভায় সরকারের প্রায়োরিটি বিষয়গুলো বিভিন্ন প্রচার-প্রচারণাগুলো স্মুথলি যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে টেলিভিশন মালিকসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সবাই সরকারকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

মাহবুবা ফারজানা বলেন, সরকারি বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় একটি সমন্বিত মডেল তৈরি করা প্রয়োজন, যাতে স্বল্প ব্যয়ে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা যায়।

তথ্য সচিব আরও বলেন, সরকারের অগ্রাধিকারমূলক বার্তা জনগণের কাছে সহজ ও সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণকারী টেলিভিশন মালিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এ বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *