অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিল জিম্বাবুয়ে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দলগুলো শিরোপার দৌঁড়ে আছে তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। অন্যদিকে, জিম্বাবুয়ে বিশ্বকাপে এসেছে বাছাইপর্ব খেলে। সেই জিম্বাবুয়েই এবার চমকে দিয়েছে অসিদের। ২৩ রানে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের ম্যাচে কলম্বোতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৯.৩ ওভার শেষে সবগুলো উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে অসিরা।

এই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। তাদের ৭৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ৩১ রানে ম্যাক্সওয়েল আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি।

রেনশো এক প্রান্ত আগলে রেখে ৬৫ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শূন্য রানে ফেরেন তিনজন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। অসি বোলারদের শাসন করে দারুণ শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। ওপেনার মারুমানি ২১ বলে ৩৫ রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি।মারুমানি ফিরলেও অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। ৭ চারে ৫৬ বলে ৬৪ রান করেন তিনি।

এছাড়া রায়ান বার্লের ৩০ এবং শেষ দিকে সিকান্দার রাজার অপরাজিত ২৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জয়ে বড় ভূমিকা রাখেন ব্লেসিং মুজারাবানি। তিনি একাই নেন ৪টি উইকেট। এছাড়া ব্র্যাড ইভান্স পান ৩টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *