উত্তর ইসরাইলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহও রকেট হামলা চালিয়েছে, যার ফলে ১০০টিরও বেশি শহরে বেজে উঠেছে সাইরেন।
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর মধ্য ইসরাইলে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বৃহত্তর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে।
এর আগে ইরান দক্ষিণ ইসরাইলের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় ইসরাইল ব্রডকাস্টিং অথরিটি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৯ মার্চ) জানিয়েছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে।
পৃথক এক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলজুড়ে ৪০ বার সাইরেন বেজেছে।
চ্যানেল ১২ বলছে, দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই হামলা ছিল শনিবার (২৮ মার্চ) মধ্যরাতের পর ইরান থেকে ইসরাইলের দিকে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।