বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা জয়ী হয়েছি বলছি না, আমরা বলছি—বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি। এই আস্থা ধরে রাখতে হবে।আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ওপর আস্থা রেখেছে, এবারওবাংলাদেশের মানুষ বিএনপি ও এর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। বিগত দিনেও ক্রান্তিলগ্নে, যখন কঠিন সময় এসেছে তখন মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারও তারা তাই করেছে। কারণ তারা জানে, কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে।
আমীর খসরু আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছেন, এটা বাংলাদেশের জনগণের ওপর আস্থা রেখেই বলেছেন। আমরা জয়ী হয়েছি বলছি না, আমরা বলছি—আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি। এই আস্থা ধরে রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। আপনারা সবাই দোয়া করবেন।সংসদের বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এতে গণতন্ত্র শক্তিশালী হবে। গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক অধিকার। এর জন্য রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সংসদের ভেতরে হোক বা বাইরে হোক।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমীর খসরু বলেন, আমাদের নির্দিষ্ট কোনো দেশ-কেন্দ্রিক পররাষ্ট্র নীতি নেই।