দীর্ঘ পরিকল্পনায় স্কোয়াড বড় করে চলছে প্রস্তুতি

শনিবার মিরপুরে জমে উঠেছিল জাতীয় দলের অনুশীলন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসে দেখা গেছে অমিত হাসান, রুয়েল মিয়া, এস এম মেহরবসহ আব্দুল গাফফার সাকলায়েন, রাকিবুল হাসান, মুশফিক হাসান ও রিপন মন্ডলদের। জাতীয় দলের নিয়মিত সদস্যরা তো ছিলেনই। দলের বাইরে থাকা ক্রিকেটাররাও এই অনুশীলনে ছিলেন সমানভাবে সক্রিয়। মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান ও জাকের আলীর মতো ক্রিকেটাররা প্রাণবন্ত উপস্থিতিতে অনুশীলনকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছেন।

ঈদের ছুটি শেষ হতেই শুরু হয়েছে এই ফিটনেস ক্যাম্প। প্রাথমিকভাবে পুরো ফোকাস রাখা হয়েছে ফিটনেস উন্নয়নের ওপর। প্রথম সপ্তাহ জুড়ে চলবে কঠোর ফিটনেস ট্রেনিং, যেখানে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও প্রস্তুতি যাচাই করা হচ্ছে নিবিড়ভাবে। এরপর ধাপে ধাপে অনুশীলন এগোবে স্কিল ডেভেলপমেন্টের দিকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, প্রতিটি বিভাগে আলাদা করে সেশন পরিকল্পনা করা হয়েছে, যাতে ক্রিকেটাররা নিজেদের দক্ষতাকে আরও শাণিত করতে পারেন।

পুরো অনুশীলন কার্যক্রম তদারকি করছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার সঙ্গে রয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস পামেন্ট। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ সোহেল ইসলাম ও ইফতেখারুলও উপস্থিত থেকে পুরো সেশনকে কার্যকরভাবে পরিচালনা করছেন।

সামনে জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ওয়ানডে ফরম্যাটকে ঘিরেই সবচেয়ে বেশি ব্যস্ততা থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। ঘরের মাঠ ও বিদেশ সফর, দুই মিলিয়ে দীর্ঘ ও চ্যালেঞ্জিং মিশনের অপেক্ষায় বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

এই ব্যস্ত সূচিকে সামনে রেখে স্কোয়াডও বড় করা হয়েছে। শুধু জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররাই নন, বরং আশপাশে থাকা সম্ভাবনাময় ও পারফর্ম করা ক্রিকেটারদেরও এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে তৈরি হচ্ছে একটি শক্তিশালী ব্যাকআপ পুল, যা দীর্ঘ মৌসুমে দলকে দেবে প্রয়োজনীয় গভীরতা ও বিকল্পের সুযোগ।

সব মিলিয়ে, মিরপুরে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্প শুধু প্রস্তুতির অংশই নয়, এটি যেন আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

বাংলাদেশের পরবর্তী আ্যাসাইনমেন্ট নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যাড ক্রিকেট দল বাংলাদেশে আসছে। ৩ বছর পর কিউইরা বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে ঢাকা ও চট্টগ্রামে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *