ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, আটক ১

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক সাইফুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেশবনগর এলাকার বেশ কয়েকজন দরিদ্র মানুষের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী জনপ্রতি ৭০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেন। পরবর্তীতে তার কথাবার্তায় অসংগতি প্রকাশ পেলে ভুক্তভোগীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়রা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে অবহিত করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় স্থানীয়দের সহায়তায় সাইফুলকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের পর অভিযুক্ত সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, না বুঝেই তিনি এই কাজ করেছেন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *