রাষ্ট্রীয় প্রটোকল ও পদের অহংকার ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন থেকে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি। প্রতিমন্ত্রীর এই সাদামাটা আচরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখা মাত্রই তিনি তার গাড়ি বহর থামানোর নির্দেশ দেন।
গাড়ি থেকে নেমে কোনো প্রকার দ্বিধা বা সংকোচ ছাড়াই সরাসরি কবরস্থানে চলে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি নিজেই কবরে নেমে পড়েন এবং মরদেহ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে শরিক হন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতেও অংশ নেন ইয়াসের খান চৌধুরী।
ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী মরদেহের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন- এটা কল্পনাও করা যায় না। তাঁর এই মাটির মানুষ হয়ে ওঠা আমাদের মুগ্ধ করেছে।