ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পুণ্যস্নানে গিয়ে তিতাসে নিখোঁজ স্কুলছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরতলীর গোকর্ণঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং স্থানীয় খ্রীস্টীয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে গোকর্ণঘাটে তিতাস নদীতে গিয়েছিল অপর্ণা। স্নান করার একপর্যায়ে সে মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়। পাশে থাকা মা নমিতা সূত্রধর তাৎক্ষণিক চেষ্টা করেও মেয়ের সন্ধান পাননি।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধারকাজ পরিচালনা করেছে। নদীতে তীব্র স্রোত বা অন্য কোনো কারণে শিশুটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। আলোক স্বল্পতার কারণে বৃহস্পতিবারের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *