স্বনির্ভর, নিরাপদ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। সেক্ষেত্রে সবার জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার-এ তিনটির কোনটিই অর্জিত হয়নি বরং নানা ধরনের অন্যায় অবিচার হয়েছে। তবে সব কিছুর পরও এখনও হতাশ হতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনীতি বিশ্লেষক ও রাজনৈতিকরা। তিনি বলেন, আমরা মনে করি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ১২ ফেব্রুয়ারি একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অবিস্মরণীয়। 

প্রতিমন্ত্রী বলেন, সেই ঘোষণার পথ ধরেই ত্রিশ লাখ শহীদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। ১৯৭১ সালের এ দিনেই দীপ্ত শপথে বাঙালি জানান দিয়েছিল এ দেশ আমাদের। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সেসব অগণিত শহীদের কথা, যাদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আত্মত্যাগের সেই ঋণ কখনও শোধ হওয়ার নয়। 

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্বে) মোছা. আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয়) শবনম মোস্তারী।  

এ ছাড়া, দুইজন শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদও বক্তব্য দেন।

পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *