ব্রেন্ট ক্রুড তেলের দাম আরও ৫ শতাংশ বাড়ল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাড়তে থাকা দামের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) লেনদেনে তেলের এই ঊর্ধ্বগতি দেখা যায়। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতা বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। খবর আনাদোলুর। 

বিশ্লেষকদের মতে, প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে তেলের দাম আরও বাড়তে পারে। চলতি মাসের শুরুতে যেখানে ব্রেন্টের দাম ৯২-৯৩ ডলারের মধ্যে ছিল, সেখানে এখন তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রেসিডেন্ট রব ক্যাপিটো সতর্ক করে বলেছেন, যুদ্ধ এখনই শেষ হলেও তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত যেতে পারে। কারণ সরবরাহ শৃঙ্খল পুনরুদ্ধারে সময় লাগবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে ভিন্নমুখী অবস্থান দেখা গেছে। হোয়াইট হাউস আলোচনা চলমান থাকার কথা বললেও, ইরান তা অস্বীকার করে নিজস্ব শর্ত দিয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আলোচকদের সমালোচনা করে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *