জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলার ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব বিএনপির এক নেতাকে দেওয়ায় তিনি সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেননি। এরপর অনুষ্ঠানস্থল ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াতের নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এর পরও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসন গ্রহণও করেন। কিছু দুষ্কৃতকারী অনুষ্ঠানটি পণ্ড করতে উত্তেজিত হয়ে আজেবাজে ভাষায় গালাগাল করে।’
সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। এই এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরও সুন্দরভাবে করার আহ্বান জানান তিনি।
ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না হওয়ার প্রত্যাশা করেন তিনি।