৪ দিনেই কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার ভিড়ে প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি আয়েও দেখা যাচ্ছে ধারাবাহিক গতি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা থেকে এসেছে প্রায় ৮৫ লাখ টাকা এবং ব্লকবাস্টার সিনেমাসে বিক্রি হয়েছে ১৫ লাখ ৩০ হাজার টাকার বেশি।

মুক্তির প্রথম দিনেই ১৮ লাখ ৫৪ হাজার টাকা দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ২২ লাখ ২৬ হাজারে, আর তৃতীয় দিনে তা বেড়ে হয় ২৮ লাখ ৮৯ হাজার টাকা। মুক্তির পর থেকে প্রতিদিনই আয় বেড়েছে, যা প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির ধারাবাহিকতা নির্দেশ করে।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে উঠে এসেছে যাত্রীদের জীবনের নানা স্তর ও অভিজ্ঞতা।

অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *