সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।

মিরপুর মডেল থানার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালতে এই আবেদন করেন মামলার তদন্তকর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় ৫–৭ শ’ আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার আসামি শেখ মামুন খালেদ এ হামলার নির্দেশ দেন। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন, যিনি চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *