পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে দ্বন্দ্বে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে তিন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

নিহত পুলিশ সদস্যের স্ত্রীর স্বজন ও এলাকাবাসী জানায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে গ্রামের শিশু-কিশোররা বাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী গৃহবধূ বনানী শিকদারের (৩৫) সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত বনানীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। তোলক শিকদার (৪৪), মনির শিকদার (৩৮) ও রবি শিকদার (৪২) নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *