ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েতে ভয়াবহ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, একটি জ্বালানি ট্যাংকে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এছাড়া দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি হামলার খবর নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানবন্দরের কাছে হওয়া ওই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতি না হলেও সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আজ বুধবার (২৫ মার্চ) ভোররাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। বর্তমানে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। পরবর্তীতে কুয়েত সরকার জানিয়েছে, ইরান থেকে আসা ৬টি ড্রোন আকাশেই রুখে দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

উপসাগরীয় দেশগুলোতে (জিসিসি) প্রায় প্রতিদিন এ ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে হামলার ফ্রিকোয়েন্সি বা তীব্রতা আগের তুলনায় কিছুটা কমেছে বলে লক্ষ্য করা যাচ্ছে। ইরান থেকে জিসিসি দেশগুলোর দিকে ছোড়া প্রজেক্টাইলের সংখ্যা কমলেও নিরাপত্তাহীনতা কাটেনি। 

বিশ্লেষকরা বলছেন, মাত্র একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্রও যদি প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মূল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়। তবে তা জনজীবনে বড় ধরনের বিপর্যয় ও অস্থিরতা তৈরির জন্য যথেষ্ট।

কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও একই ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির ফলে ওই অঞ্চলের আন্তর্জাতিক বিমান চলাচলের রুট ও বাণিজ্যিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *