ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সাবেক কমান্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ইরান ঘোষণা করেছে, ইসরায়েলি হামলায় সাবেক নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

মোহাম্মদ বাঘের জোলঘাদরের নিয়োগের বিষয়টি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে। তিনি ইরানের আদর্শিক বাহিনীর একজন সাবেক ডেপুটি কমান্ডার-ইন-চিফ। এর আগে তিনি স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়েও উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হন। এর মাধ্যমে ইরানি রাজনীতির অন্যতম একজন প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনের অবসান ঘটে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনার মূল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

জোলঘাদরের পুরো ক্যারিয়ার গড়ে উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে কেন্দ্র করে। বাহিনীটির লক্ষ্য হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি থেকে ইসলামি বিপ্লবকে রক্ষা করা।

১৯৮০-এর দশকে সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর, জোলঘাদর আট বছর বিপ্লবী গার্ডের জয়েন্ট স্টাফ প্রধান এবং পরবর্তী আট বছর সেটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকারে তাকে নিরাপত্তা ও পুলিশ বিষয়ক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই পদক্ষেপটিকে তখন দেশটির রাজনীতিতে আইআরজিসির প্রভাব বৃদ্ধির সংকেত হিসেবে দেখা হয়েছিল।

২০২৩ সাল থেকে জোলঘাদর ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এটি একটি শক্তিশালী সংস্থা যা ইরানের বিভিন্ন ক্ষমতা কাঠামো এবং সর্বোচ্চ নেতার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

বাঘের জোলঘাদরের এই নতুন দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ যুদ্ধে একটি বড় ভূমিকা পালনের সুযোগ দেবে। ইতোমধ্যে এই যুদ্ধে ইরানের এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

তবে, তেহরানের বর্তমান নেতৃত্ব কাঠামো এখনো অস্পষ্ট। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার উত্তরসূরি ও পুত্র মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি।

মোহাম্মদ বাঘের জোলঘাদরকে আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিয়োগ দিলেও, প্রেসিডেন্টের দপ্তরের উপ-যোগাযোগ পরিচালক মেহেদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, এই মনোনয়ন মোজতবা খামেনির অনুমোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *