ইরানে হামলার বিপক্ষে ৫৯% মার্কিন নাগরিক : জরিপ

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রের জনমনে চরম অসন্তোষ ও শঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৫৯ শতাংশ আমেরিকান নাগরিক ইরানে হামলার এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। মাত্র ৪১ শতাংশ নাগরিক এই সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। খবর সিএনএনের।

এসএসআরএস কর্তৃক পরিচালিত এই জরিপে অধিকাংশ আমেরিকানই মনে করছেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার নয়। জরিপে অংশগ্রহণকারী ৫৬ শতাংশ নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সামরিক লড়াই শুরু হতে যাচ্ছে। যদিও সোমবার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি চার সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছেন।

জরিপে আরও দেখা গেছে, ৬২ শতাংশ আমেরিকান মনে করেন পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের আগে ট্রাম্পের উচিত কংগ্রেসের অনুমোদন নেওয়া। এ ছাড়া ৬০ শতাংশ নাগরিক মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্টের কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এমনকি স্থল সেনা পাঠানোর প্রশ্নেও আমেরিকানরা অনড়; মাত্র ১২ শতাংশ নাগরিক ইরানে সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬০ শতাংশই এর তীব্র বিরোধিতা করেছেন।

রাজনৈতিক মেরুকরণের চিত্রটিও এই জরিপে স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে ৭৭ শতাংশ এই হামলার সমর্থক হলেও ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ১৮ শতাংশ। রিপাবলিকানদের ভেতরেও আবার ‘মাগা’ সমর্থকদের সঙ্গে সাধারণ সমর্থকদের বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। মাগা সমর্থকরা ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় শতভাগ আস্থা রাখলেও সাধারণ রিপাবলিকানদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন।

৫ শতাংশের বেশি আমেরিকান মনে করছেন, এই হামলার ফলে যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকির মুখে পড়বে। জনমতের এই নেতিবাচক প্রতিফলন আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *