ট্রাম্পের যুদ্ধ থামানোর চিন্তাভাবনার মধ্যেই ইরানিদের ঈদ উদযাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলতে থাকা যুদ্ধের মধ্যেই আজ শনিবার (২১ মার্চ) হাজার হাজার ইরানি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের সর্বোচ্চ নেতা ঐতিহ্যগতভাবে ঈদের নামাজের ইমামতি করেন। তবে চলতি মাসের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় তার বাবা নিহত হওয়ার পর ক্ষমতায় আসা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জনসম্মুখে আসছেন না। তার পরিবর্তে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে নামাজের নেতৃত্ব দেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এহজেই। মসজিদটি মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল এবং বাইরের রাস্তাতেও উপচে পড়া ভিড় দেখা গেছে।

ইরানের প্রধান মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোজতবা খামেনিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইরানি জনগণের এই কঠিন পরীক্ষা কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন এবং জোর দিয়ে বলেন, এই সংকটময় সময়ে মস্কো তেহরানের একজন বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক প্ল্যান্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ রয়েছে, যা গত বছরের জুন মাসের যুদ্ধেও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পারমাণবিক কেন্দ্রে হামলা ও যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা

তাসনিম নিউজ এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার জায়নবাদী শাসনের অপরাধমূলক হামলার পর আজ সকালে নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ তবে হামলার পর কোনো পারমাণবিক উপাদান ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

তিন সপ্তাহের এই যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং হরমুজ প্রণালির তেল রপ্তানি রুট বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যুদ্ধ থেকে পিছু হটার কথা ভাবছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে আমাদের বৃহৎ সামরিক প্রচেষ্টা গুটিয়ে নেওয়ার কথা ভাবছি কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, পেন্টাগন তাদের মিশন সম্পন্ন করতে চার থেকে ছয় সপ্তাহ সময় নিতে পারে।

তা সত্ত্বেও, মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মেরিন সেনা মোতায়েন করছে, যা স্থল অভিযানের একটি সম্ভাব্য সংকেত। অন্যদিকে ইরানও ইসরায়েল এবং তেল-গ্যাস সমৃদ্ধ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে তারা তেহরানের প্রশাসনিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরান ক্রমাগত বোমাবর্ষণের শিকার হচ্ছে।

তেল নিষেধাজ্ঞায় শিথিলতা

উপসাগরীয় অঞ্চলের বাইরে এই যুদ্ধ লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েলি বাহিনী সেখানে নিয়মিত বোমাবর্ষণ করছে। আজ শনিবার ভোরে বৈরুতে হিজবুল্লাহ সংগঠনের অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল এক দফা হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ওদিকে, তেলের দাম এবং বৈশ্বিক সরবরাহ সংকট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা জাহাজে বোঝাই করা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। এই অনুমতি ২০ মার্চের আগে জাহাজে তোলা অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি ও সরবরাহের সুযোগ দেবে।

মিত্রদের প্রতি ট্রাম্পের দাবি

বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাবসহ উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার আর্থিক ক্ষতি যখন বিশ্লেষকরা হিসাব করছেন, তখন ট্রাম্প ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বলে কটাক্ষ করেছেন এবং তাদের হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি অন্য যেসব দেশ ব্যবহার করে, তাদেরই এটি পাহারা দিতে হবে এবং পুলিশিং করতে হবে—যুক্তরাষ্ট্র তা করবে না!’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান তাদের ওপর হামলাকারী দেশগুলোর জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, তবে অন্যদের সহায়তা প্রদান করবে। এই অচলাবস্থার কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যেখানে নর্থ সি ব্রেন্ট ক্রুডের দাম গত এক মাসে ৫০ শতাংশের বেশি বেড়ে এখন ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *