প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিকের উদ্যোগে ঘরমুখো যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক এ মন্তব্য করেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার অংশ হিসেবে এটি পাইলট কর্মসূচি। যাত্রীদের লাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রেলকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হবে। ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন তিনটি শিফটে ২৪ ঘণ্টা সিটি করপোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে। রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধসহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনকর্মীরা নিয়োজিত থাকবেন।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। এ নগরীর উন্নয়নে আমি প্রশাসক হিসেবে নয়; সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি। আপনাদের সবার সহযোগিতায় রাজশাহীকে আরও উন্নত ও তিলোত্তমা নগরীতে পরিণত করব ইনশা আল্লাহ।
উদ্বোধন শেষে রাসিক প্রশাসক রেলওয়ে প্লাটফরমে আগত ট্রেন যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রেলওয়ে শ্রমিক দলের ওপেন সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বুকিং হেড আব্দুল মোমিন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।