রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড : ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের অপরাধে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপির বিভিন্ন বিভাগে পৃথক অভিযানে এসব সাজা প্রদান করা হয়।রাজধানীর সূত্রাপুরে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন। তল্লাশিকালে তার কাছ থেকে ১২টি খাম উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ছিল। 

ওয়ারী বিভাগে সন্তোষজনক কারণ ছাড়া সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন সংশ্লিষ্ট স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অপরজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অন্যদিকে, মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় জনগণ কর্তৃক আটক ওই দুই ব্যক্তি পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করায় তাদের এই সাজা প্রদান করা হয়।

ডিএমপি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা রোধে এবং শৃঙ্খলা বজায় রাখতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও স্পেশাল ম্যাজিস্ট্রেটদের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *