জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের আবাসিক শিক্ষার্থীরা ওই কক্ষের জানালার গ্লাস ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার চাষাড়া এলাকায়।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্য রুমমেটরা বাড়িতে থাকায় কনিষ্ক একাই রুমে অবস্থান করছিলেন। আজ দুপুর দুইটার দিকে পাশের রুমের এক শিক্ষার্থী কনিষ্কের দরজায় নক করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য শিক্ষার্থীদের ডেকে এনে জানালার গ্লাস ভেঙে কনিষ্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় শের ই বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্রই আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *