মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাতে চ্যাম্পিয়ন্সি লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংলিশ ক্লাবটি। দলের হয়ে গোল দুটি করেছেন এবেরেচি এজে ও ডেক্লান রাইস।
ম্যাচের শুরু থেকেই লেভারকুসেনের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৬তম মিনিটে ডেডলক ভাঙেন এবেরেচি এজে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের পাস নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে ২২ গজ দূর থেকে বুলেট গতির শট নেন তিনি। গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ালে উৎসবে মাতে এমিরেটস স্টেডিয়াম। এটি চ্যাম্পিয়ন্স লিগে এজের প্রথম গোল।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে তারা। ৬৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। ডি-বক্সের বাইরে থেকে ঠাণ্ডা মাথার দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে এটি তাঁর নবম গোল।
দুই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল লেভারকুসেন। বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও আর্সেনালের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি জার্মান দলটি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।