বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অধ্যায় শেষ করার পর এবার পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিবি সভাপতি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলামের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের হাই পারফরম্যান্স সেন্টারের তরুণ ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণ, কোচিং পদ্ধতির আধুনিকায়ন এবং উদীয়মান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখবেন তিনি।
দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এর আগে গত বছরের ৩০ মে থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেন আমিনুল। তার হাত ধরেই দেশের ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছিল।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত লাল-সবুজের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। বিশেষ করে ১৯৯৯ সালের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।