বাংলাদেশের অধিনায়ক হওয়া নিয়ে যা বললেন হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির জার্সিতে মাঠ কাপানো তারকা হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশ ফুটবলের বড় ভরসার নাম। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই মিডফিল্ডারকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার শেষ নেই। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব দেওয়া জামাল ভূঁইয়ার সাম্প্রতিক সময়ে নিয়মিত একাদশে না থাকা নিয়ে আলোচনার মাঝে এবার জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হামজা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হামজা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে হামজা বলেন, ‘কোচ যদি চান আমি অধিনায়ক হই, তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত।’

তবে সিনিয়র সতীর্থদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই হামজা বলেন, ‘দলে এমন অনেকেই আছেন যারা প্রায় একশ ম্যাচ খেলেছেন এবং আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমার কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

দলের ভেতরের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই তারকা আরও বলেন, ‘ড্রেসিংরুমে সবাই এক ছাদের নিচে পরিবারের মতো আছি, এটাই সবচেয়ে বড় কথা। কোচ বা টিম ম্যানেজমেন্ট যাকেই নেতৃত্ব দেবেন, দল সেটাই মেনে নেবে।’

২০২৫ সালের মার্চ মাসে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলে দলের মধ্যমাঠের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। তবে এই প্রথমবার তিনি অংশ নিচ্ছেন সাফ চ্যাম্পিয়নশিপে।

২০০৩ সালের পর দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে দেশের ফুটবল ভক্তদের সাফের শিরোপা উপহার দেওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী হামজা। তিনি বলেন, ‘আমি জানি দেশবাসী আমাদের কাছে ট্রফি চায়। দল ও আমার নিজের ভেতর সেই আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের বিপক্ষে আমরা খেলেছি, ভারতকে হারিয়েছি। আমরা জানি আমাদের সামর্থ্য আরও অনেক বেশি এবং আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টে আমরা জিতব।’

ঘরের মাঠে এই টুর্নামেন্টে নিজেদের ঘিরে থাকা বাড়তি চাপ ও প্রত্যাশা নিয়ে হামজা বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি জানি দলের ওপর বড় ধরনের চাপ আছে। তবে আমরা সবাই মিলে চেষ্টা করব যেন এবার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ঘরে তুলতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *