ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই, ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রবীণ ক্রীড়া সংগঠক এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বিশিষ্ট সংগঠক। অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার গভীর রাতে তিনি না ফেরার দেশে চলে যান। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

হারুনুর রশীদের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম হারুনুর রশীদ ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের এক অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তার এই চলে যাওয়া পুরো ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের ক্রীড়া উন্নয়নে তার আজীবন কর্মনিষ্ঠা ও অসামান্য অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

হারুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবলকে আধুনিক ও জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

এছাড়া এএফসির নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটিতে কাজ করে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই দূরদর্শী ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *