নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহতের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *