ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের আইপিএলে খেলা নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। এর কারণটা অবশ্য আমিরের ব্রিটিশ নাগরিকত্ব নেওয়া।
মূলত ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) তিনি নাম রেজিস্ট্রি করার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলে।
তবে আইপিএল খেলার গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’
আইপিএলে খেলতে পারেন না পাকিস্তানের ক্রিকেটাররা। ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় এরপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া হয়নি তবে আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তার আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।
তবে আপাতত আইপিএলে খেলার কোনো পরিকল্পনা নেই বলে নিজের বক্তব্যে ব্যাপারটি স্পষ্ট করলেন পাকিস্তান দলের সাবেক এই পেসার।
এর আগে, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নিয়েছিলেন। সেবার শোয়েব আখতার ও সোহেল তানভীরদের মতো তারকারা নিজেদের অসাধারণ বোলিং নৈপুণ্যে টুর্নামেন্টে বেশ আলো ছড়িয়েছিলেন।