বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই হারের পর বাবর-শাহীনদের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেটের মান এখন এতটাই নিচে নেমে গেছে যে, লোকে এখন তাঁদের ‘জিম্বাবুয়ের’ মতো দল ভাবছে।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১১ রানে হারের পর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও কোচ মাইক হেসনের কঠোর সমালোচনা করেছেন শেহজাদ। ম্যানেজমেন্টের একের পর এক অজুহাত দেওয়া নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শেহজাদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও দলে কোনো পরিবর্তন আসেনি। কিছু তরুণ খেলোয়াড়কে দলে এনে সিরিজ হারলেন, আর এখন সেই তরুণদের দোহাই দিয়ে অজুহাত দিচ্ছেন। আপনারা যদি নিজেদের ভুলই স্বীকার না করেন, তবে জীবনেও সামনে এগোতে পারবেন না।’
সিরিজের শেষ ম্যাচে শাহীন আফ্রিদির টস জিতে বোলিং করার সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন শেহজাদ। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। টস জিতে কেন আগে ব্যাটিং করে বড় রান তুললেন না? সিনিয়র খেলোয়াড়রা যদি এমন ভুল সিদ্ধান্ত নেন, তবে জুনিয়রদের কাছ থেকে কী আশা করা যায়?’
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশের কাছে সিরিজ হার—সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের করুণ দশা দেখে হতাশ শেহজাদ।
শেহজাদ বলেন, ‘পাকিস্তান এখন সহযোগী দেশের পর্যায়ে নেমে যাচ্ছে। মানুষ এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো ভাবতে শুরু করেছে। অথচ আপনারা এখনও রান রেটের অজুহাত দিয়ে বলছেন বিশ্বকাপে কেন বাদ পড়েছেন। লজ্জা হওয়া উচিত।’
এই সিরিজে বাবর আজম ও ফখর জামানকে ছাড়াই খেলেছে পাকিস্তান। ম্যানেজমেন্ট তাঁদের বিশ্রামের কথা বললেও নির্বাচক আকিব জাভেদ দাবি করেছেন, তাঁরা আসলে চোটে ভুগছেন।