ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এর কয়েক ঘন্টা পরই ঘোষণা করা হবে ২০২৬ ব্যালন ডি’অর জয়ীর নাম। এর আগে চলছে নানা জল্পনা-কল্পনা, কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? সেই প্রশ্নের আপাতত নির্দিষ্ট কোনো উত্তর নেই। তবে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ‘গোল ডটকম’।
গোল ডটকম-এর প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।
গোল ডটকমের এই মূল্যায়নে হ্যারি কেইনের শীর্ষে থাকার মূল কারণ গত মৌসুমে তার অবিশ্বাস্য পারফরম্যান্স এবং দলীয় সাফল্য। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭৩টি গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।
শুধু তাই নয়, বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জেতানোর পেছনেও সবচেয়ে বড় অবদান ছিল তার। যদিও ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপে ৬ গোল করার পরও দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তবুও সার্বিক পারফরম্যান্সে সবার ওপরেই আছেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা তরুণ তুর্কি লামিনে ইয়ামাল বার্সেলোনার হয়ে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২১টি গোল। এছাড়া স্পেনের জার্সিতে ফিফা বিশ্বকাপ জয়ের গৌরবও অর্জন করেছেন এই বিস্ময় বালক। তবে গোল ডটকমের মতে, বিশ্বকাপে নিজের পারফরম্যান্সকে আরও বেশি স্মরণীয় করে তুলতে না পারাই হয়তো তার ব্যালন ডি’অর জেতার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে।
এদিকে তালিকার তিনে থাকা কিলিয়ান এমবাপ্পে গোলের হিসাবে খুব একটা পিছিয়ে নেই। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে গত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫৮টি গোল করেছেন। বিশেষ করে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জেতার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। তবে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের দলগতভাবে কোনো শিরোপা না পাওয়াটাই তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
গোল ডটকমের এই শীর্ষ দশের তালিকায় আরও কিছু চমক রয়েছে। চারে অবস্থান করছেন সময়ের অন্যতম সেরা তারকা ও আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তিনি ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোর পাশাপাশি জাতীয় দলের হয়েও দারুণ ছন্দে ছিলেন।
এরপর যথাক্রমে পঞ্চম স্থানে পিএসজির জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাস্কেইলিয়া, ষষ্ঠ স্থানে স্পেনের মিডফিল্ডার রদ্রি, সপ্তম স্থানে বায়ার্নের মাইকেল ওলিসে এবং অষ্টম স্থানে রয়েছেন গতবারের বিজয়ী তারকা উসমান দেম্বেলে। এছাড়া শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হল্যান্ডও।