বান্দরবানে পৃথক স্থানে বজ্রাঘাতে শিশুসহ নিহত ২

বান্দবানের লামায় বজ্রাঘাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালি হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং হ্লাথুইপাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয়রা জানায়, লামা উপজেলার নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা বাড়ি যাওয়ার পথে হেডম্যান পাড়ার কাছাকাছি পৌঁছালে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে শিশু মোহাম্মদ সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রাঘাতে আহত হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *