ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

দেশের পপ সংগীতের পরিচিত কণ্ঠ ফেরদৌস ওয়াহিদ নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। ‘ফাঁকি’ শিরোনামের এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের শিল্পী খন্দকার বাপ্পি। গানটি প্রকাশ হয়েছে ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে।

মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য ও আত্মউপলব্ধির বিষয় উঠে এসেছে গানটির কথায়। ‘মন উজালা মন উতলা / খেলছো তুমি কিসের খেলা’—এমন কথায় গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গানটি ঘিরে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে মডেল হয়েছেন র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। “ফাঁকি” গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে একটি মেলবন্ধন হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের পরিচিত নাম। তাঁর কণ্ঠের কথা মাথায় রেখেই “ফাঁকি” গানের কথাগুলো লিখেছি। বাপ্পিও ভালো গেয়েছেন। আশা করি, শ্রোতারা গানটিতে জীবনের ভাবনা খুঁজে পাবেন।’

খন্দকার বাপ্পি বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ স্যারের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া আমার সংগীত জীবনের বড় অভিজ্ঞতা। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *