বরিশালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
মৃত ব্যক্তিরা হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
এ তথ্য নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভিতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওসি আরও জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত ঘোষণা করেন।