সাভারের বলিয়ারপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল থেকে সরকারি তেল পাচারের সময় ৮০০ লিটার তেলসহ ড্রাম ট্রাকের এক চালককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।
আটক আল আমিন সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকচালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি বরাদ্দের তেল খোলা বাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন তিনি।
পুলিশ জানায়, ল্যান্ডফিলে ব্যবহারের জন্য বরাদ্দ সরকারি তেল অবৈধভাবে দীর্ঘদিন ধরে অন্যত্র পাচার করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৪০টি কনটেইনারে থাকা ৮০০ লিটার তেল উদ্ধার এবং পাচারকাজে জড়িত ড্রাম ট্রাকের এক চালককে আটক করা হয়।
পুলিশের অভিযানে তেল পরিবহণ ও পাচারে ব্যবহৃত যানবাহনগুলোও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সরকারি তেল পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং চক্রটির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।