যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার সোহাগ কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) সোহাগ ফকিরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম। শুনানি শেষে ঢাকার ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *