জিম্বাবুয়ের কাছে হারের পর শাস্তিও পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার পথ এমনিতেই কঠিন করে তুলেছে বাংলাদেশ দল। তবে এই ধাক্কা কাটতে না কাটতেই আরও এক বড় দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পুরো বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ দল। ম্যাচ শেষে অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিকে ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে এই মন্থর ওভাররেটের অভিযোগ আনেন।

পরবর্তীতে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই অভিযোগ খতিয়ে দেখে রায় দেন। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেই নিয়মেই এই শাস্তি পেতে হলো টাইগারদের।

ম্যাচে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা তাওহিদ হৃদয় দলের পক্ষ থেকে এই ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৩৩.৪ ওভারেই মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় এবং ৯৯ রানের বড় ব্যবধানে হেরে বসে। এই হারের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আগামী পরশু আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *