১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে ১২ কোটি ৪০ লাখ ডলার বা এক হাজার ৫২৫ কোটি ২০ লাখ টাকা। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯৮৮ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *